ঠাকুরগাঁওয়ে আইটি হাব-মেডিকেল কলেজ স্থাপনের ঘোষণা তারেক রহমানের
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে ঠাকুরগাঁওয়ে অত্যাধুনিক আইটি হাব, হিমাগার, ক্যাডেট কলেজ ও মেডিকেল কলেজ স্থাপন করা হবে।
আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, এই এলাকার মানুষের অনেকগুলো দাবি আছে। আমি আপনাদের সামনে, সেইগুলোর ব্যাপারে আলোচনা করতে চাই। আমরা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে— এই শিল্পগুলোকে আমরা আবার গড়ে তুলতে চাই। যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে। এই এলাকার মানুষ কর্মসংস্থানের মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে।
বিএনপি চেয়ারম্যান বলেন, প্রিয় ভাইবোনেরা, ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজের একটি দাবি আছে—এই দাবিটিও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। আগেই বলেছি আমি স্থানীয় যে কৃষিজাত পণ্য আছে, অনেক সময় কৃষক ভাইদের জন্য সমস্যা হয়ে যায়, এই পণ্যগুলোকে তারা ঠিকভাবে প্রিজার্ভ করতে পারে না। সেই জন্যই এই সমগ্র এলাকায়— ঠাকুরগাঁওসহ, পঞ্চগড়সহ, দিনাজপুর এলাকায় বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রয়োজন— আমরা কৃষকদের উপযোগী করে হিমাগার তৈরি করতে চাই। যেন তারা তাদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ করতে পারে।
তারেক রহমান আরও বলেন, এই এলাকায় বহু শিক্ষিত যুবক আছে যারা আইটিতে কাজ করে থাকেন। সেই জন্য এই এলাকায় কৃষিকে যেরকম জোর দেব, কৃষির সঙ্গে সম্পর্কিত শিল্প-কলকারখানা যেমন গড়ে তুলব, একইভাবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য আইটি পার্ক বা আইটি হাব গড়ে তুলতে চাই। যাতে এলাকার ছেলেরা এলাকায় থেকেই তারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে।
বিএনপি চেয়ারম্যান বলেন, প্রিয় ভাইবোনেরা, বিগত এক যুগেরও বেশি সময় ধরে যেই স্বৈরাচার এই দেশের মানুষের কাঁধে বসেছিল, তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছে—জনগণের স্বার্থ দেখে নাই। সেই জন্যই আমরা দেখেছি সমগ্র বাংলাদেশে কীভাবে সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে। আমরা বাংলাদেশের মানুষের কাছে গ্রামে গ্রামে—বিশেষ করে মা-বোনদের জন্য এবং শিশুদের জন্য চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে চাই। সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, ইনশাআল্লাহ বিএনপি আপনাদের ভোটে আল্লাহর রহমতে সরকার গঠন করলে আমরা ‘হেলথ কেয়ারার’ নিযুক্ত করব। যাদের দায়িত্ব হবে গ্রামে গ্রামে গিয়ে মা-বোনদের এবং শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা সুবিধা প্রদান করা। একই সঙ্গে এই এলাকার মানুষ যাতে আরও ভালো চিকিৎসা পায় সেই জন্য মেডিকেল কলেজের যেই দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডা. আব্দুস সালাম, জাহিদুর রহমান জাহিদ, ব্যারিস্টার নওশাদ জমির, ফরহাদ হোসেন আজাদ, মনজুরুল ইসলাম, আসাদুল হাবিব দুলুসহ ঠাকুরগাঁও পঞ্চগড় ও দিনাজপুর-১ সংসদীয় আসনের দলীয় প্রার্থীরা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন। সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী।

নিজস্ব প্রতিবেদক