ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
মাগুরা শহরের নবগঙ্গা ব্রিজে ট্রাকের ধাক্কায় বাদশা মোড়ল (২৬) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা রোড পারনান্দুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাদশা মোড়ল সাতক্ষীরা জেলার আইলিয়া গ্রামের ওমর আলীর ছেলে। তিনি মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাদশা মোড়ল মাগুরা পুলিশ লাইন থেকে রেশন ও প্রয়োজনীয় ওষুধ নিয়ে মোটরসাইকেলে করে তার কর্মস্থল বাবুখালী ক্যাম্পে ফিরছিলেন। পথে মাগুরা নবগঙ্গা ব্রিজে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরার পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহত পুলিশ সদস্যের মরদেহের ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা