বাগেরহাটে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম, নিরাপত্তায় ৫ বাহিনী
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর থেকে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমির তত্ত্বাবধানে প্রতিটি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপত্তার খাতিরে প্রথমে দুর্গম ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হচ্ছে। এরপর পর্যায়ক্রমে কম ঝুঁকিপূর্ণ ও সাধারণ কেন্দ্রগুলোতে ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় মালামাল পৌঁছে দেওয়া হচ্ছে। বাগেরহাট-৩ আসনের মোংলা ও রামপাল উপজেলা মিলিয়ে মোট ভোটকেন্দ্র রয়েছে ১০৬টি। এর মধ্যে- মোংলায় মোট ৫২টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রামপালে মোট ৫৪টি কেন্দ্রের মধ্যে ১৭টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই আসনের ১টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৮৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৫০ জন, নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৫১০ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার রয়েছেন।
উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমি জানান, নির্বাচনি মালামাল পরিবহণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নৌবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত বিশেষ নিরাপত্তা দল প্রতিটি কেন্দ্রের সরঞ্জাম পৌঁছে দিচ্ছে। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে মাঠে সার্বক্ষণিক ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

আবু হোসাইন সুমন, মোংলা