সবাইকে ভোট দেওয়ার ও জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির
উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে একযোগে সম্প্রচার করা হয়।
সিইসি বলেন, এই নির্বাচনে ভোটদান আমাদের শুধু নাগরিক অধিকারই নয় বরং দায়িত্ব। আমি আশা করি আপনারা সকলে সচেতনভাবে এই দায়িত্ব পালন করবেন। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের প্রতি আহ্বান— শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষার্থে সকলে দায়িত্বশীল ও যত্নবান হবেন।
ভোটারদের উদ্দেশে এএমএম নাসির উদ্দিন বলেন, ভিন্নমত গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি স্বাভাবিক বিষয়। এই বিষয়টি স্মরণে রেখে আপনারা উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করে সতস্ফুর্তভাবে ভোট কেন্দ্রে আসবেন। পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নিবেন।
যেকোনো অনভিপ্রেত ঘটনায় নির্বাচনি কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনকারী সংস্থাকে সহায়তা করতে সবাইকে আহ্বান জানান সিইসি।
সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠ, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সিইসি।

নিজস্ব প্রতিবেদক