মিডিয়া একপাক্ষিক ভূমিকা পালন করছে : এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সাংবাদিকরা বাধ্য হচ্ছে। মিডিয়া একপাক্ষিক ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে। এ ধরনের তথ্য-সন্ত্রাস মেনে নেওয়া হবে না।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে টাকা উদ্ধারের নামে ব্যক্তি-স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, আমি কয়েকটা রিল দেখলাম মাত্র ২০ হাজার টাকা বহন করার কারণে আমাদের একজন নেতাকে ধরে হেনস্তা করা হচ্ছে। তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে। এটা আমরা দেখেছি, বিগত ১৭ মাসে কীভাবে চাঁদাবাজি হয়েছে।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এ চেয়ারম্যান আরও অভিযোগ করে বলেন, নির্বাচন নিয়ে নানা নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে। হান্নান মাসউদের বাড়িতে স্লোগান দিয়ে হামলা ও লুটপাট চালিয়েছে বিএনপির লোকজন। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, যা শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এ ছাড়া পঞ্চগড়ে সারজিস আলমের গাড়িবহরে হামলা করা হয়েছে। পাশাপাশি ঢাকা-১৫ আসেনে জামায়াত আমিরের আসনে ১৩টি নির্বাচনি বুথে হামলা ও ভাঙচুর করা হয়েছে। সারা দেশে পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করা হচ্ছে। যেসব জায়গায় অস্ত্র মজুত করা হয়েছে, সেসব স্থানে বুধবার রাতের মধ্যেই যৌথ বাহিনীকে অভিযান চালানোর আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক