ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিলেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২৫ মিনিটে তিনি ভোটকেন্দ্রে প্রবেশ করেন।
গুলশান- ২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন প্রধান উপদেষ্টা। এর আগে ভোটকেন্দ্র পরিদর্শন করেন। প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে কুশল বিনিময় করেন।
গুলশান এলাকাটি ঢাকা-১৭ নির্বাচনি আসনের অন্তর্ভুক্ত। এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয়।
রাজধানীর গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে ঢাকা-১৭ আসন গঠিত।
এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। তার মধ্যে পুরুষ এক লাখ ৭৪ হাজার ৭০৯ জন এবং নারী এক লাখ ৫৯ হাজার ৬০ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন আট জন।
আসনটিতে মোট প্রার্থী ১১ জন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন পাঁচজন স্বতন্ত্র প্রার্থী। ভোটের মূল লড়াইয়ে দেখা যাচ্ছে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে।

নিজস্ব প্রতিবেদক