কোনাবাড়িতে ঝুট গুদামে আগুন
গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোনাবাড়ির আমবাগ ঈদগাহ মাঠ সংলগ্ন একটি ঝুটের গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুন জানান, গুদামে প্রচুর পরিমাণ ঝুট থাকায় আগুনের ভয়াবহতা দ্রুত বেড়ে যায়। খবর পাওয়ার পর পরই আমাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। চারটি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

নাসির আহমেদ, গাজীপুর