হরমুজ প্রণালিতে বিস্ফোরণ, দুই তেল ট্যাঙ্কারে ভয়াবহ আগুন
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির অনিরাপদ ‘দক্ষিণ রুট’ অতিক্রমের চেষ্টার সময় বিস্ফোরণে দুটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আইআরজিসির উদ্ধারকারী দলগুলো ইতোমধ্যে জাহাজ দুটির ক্রু সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ পরিচালনা করছে।
বিবৃতিতে আইআরজিসি শিপিং কোম্পানিগুলোকে তাদের ক্রুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জোর তাগিদ দিয়েছে। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর দেওয়া ‘ভুল তথ্যে’ বিভ্রান্ত না হতে এবং তারা যে রুটগুলোকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে তা এড়িয়ে চলতে সতর্ক করা হয়েছে।
সংস্থাটি কড়া হুঁশিয়ারি দিয়ে আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অপতৎপরতা যতক্ষণ অব্যাহত থাকবে, ততক্ষণ পর্যন্ত হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে অঞ্চলটি থেকে এক ফোঁটা তেল, গ্যাস কিংবা কোনো ধরনের রাসায়নিক সার রপ্তানি করা সম্ভব হবে না।

এনটিভি অনলাইন ডেস্ক