ইরান যুদ্ধের ক্ষতিপূরণ দেবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্ররা : ট্রাম্পের এই বার্তার অর্থ কী?
ইরান যুদ্ধের যাবতীয় আর্থিক ক্ষতিপূরণ ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় মিত্রদের থেকে আদায় করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন বাহিনী যেসব দেশকে সুরক্ষা দিয়েছে, তাদের থেকে যুদ্ধের পুরো খরচ ফেরত নেওয়া হবে।
সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, তারা আমাদের যুদ্ধের শতভাগ খরচ ফেরত দেবে। কারণ আমাদের সমর্থন ছাড়া তাদের কোনো অস্তিত্বই থাকত না।
প্রথমবারের মতো এই ক্ষতিপূরণের তালিকায় ইসরায়েলকেও যুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, মার্কিন সামরিক হস্তক্ষেপ ছাড়া ইসরায়েল আজ টিকে থাকত না।
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের ভরাডুবির পরই ট্রাম্পের তরফ থেকে এমন ক্ষতিপূরণের দাবি এলো। নির্বাচনি ফলে ইরান যুদ্ধের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের তীব্র অসন্তোষের প্রভাব পড়েছে বলে স্বীকার করলেও, যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে সঠিক বলেই এখনো বিবেচনা করছেন তিনি।
যেসব দেশের কাছে ক্ষতিপূরণ চাইছেন ট্রাম্প
যুদ্ধের শুরু থেকেই সরাসরি অংশ নেওয়া ইসরায়েলকে এবার সুস্পষ্টভাবে নিশানা করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরানকে পারমাণবিক সক্ষমতাহীন না করলে আজ ইসরায়েলের অস্তিত্ব মুছে যেত। হরমুজ প্রণালি ও আঞ্চলিক সুরক্ষায় মার্কিন সামরিক উপস্থিতির সুবিধা নেওয়া সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতকে যুদ্ধের খরচ পরিশোধ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
তবে জিসিসি সদস্য দেশগুলো জানিয়েছে, যুদ্ধ শুরুর কোনো পরিকল্পনাই তাদের জানা ছিল না। বরং ইরানের পাল্টা হামলায় তারা আর্থিক ও অবকাঠামোগতভাবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এবং শুরু থেকেই তারা বিষয়টির কূটনৈতিক সমাধান চেয়ে আসছে।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কত খরচ হয়েছে?
মার্কিন সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবর ২০২৬-এর মাঝামাঝি সময় পর্যন্ত যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৭১০ কোটি ডলার (৪৭.১ বিলিয়ন)।
মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি ও মেরামতের খরচ যুক্ত করলে এই পরিমাণ আরও অনেক বাড়বে।
কংগ্রেসনাল বাজেট অফিসের মতে, যুদ্ধ যত দিন গড়াচ্ছে, প্রতি মাসে অতিরিক্ত ২০০ থেকে ৩০০ কোটি ডলার খরচ যুক্ত হচ্ছে।
মিত্রদের থেকে এই অর্থ সত্যিই কি আদায় করতে পারবেন ট্রাম্প?
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সরাসরি এমন ক্ষতিপূরণ আদায় করা বাস্তবে অসম্ভব। চ্যাটাম হাউসের বিশ্লেষক নিল কুইলিয়াম ও কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বদর আল-সাইফ জানান, মার্কিন অভ্যন্তরীণ অসন্তোষ থেকে দৃষ্টি সরাতে ও মধ্যবর্তী নির্বাচনের ব্যর্থতা ঢাকতেই ট্রাম্প এই কৌশল অবলম্বন করছেন।
বিশ্লেষক স্টেফান লুকাস উল্লেখ করেন, আগামী বছরের পর থেকে ইসরায়েলকে কোনো মার্কিন সহায়তা না দেওয়ার সিদ্ধান্তের পর ট্রাম্প হয়তো দেশটির ওপর কিছু অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারেন। কারণ মার্কিন প্রশাসনিক মহলে গুঞ্জন রয়েছে যে ইসরায়েলই মূলত যুক্তরাষ্ট্রকে এই রক্তক্ষয়ী যুদ্ধে টেনে এনেছে।
ক্ষতিপূরণের মাধ্যম কী হতে পারে?
বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি নগদ অর্থ নেওয়ার বদলে ট্রাম্প ভিন্ন ও সুচতুর উপায় বের করতে পারেন।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফরিদ বুসাইদ জানান, উপসাগরীয় দেশগুলো থেকে বাণিজ্যিক বিনিয়োগ বৃদ্ধি, অতিরিক্ত মার্কিন অস্ত্র ক্রয় কিংবা ট্রাম্পের নিজস্ব আর্থিক প্রকল্পের মাধ্যমে এই ঘাটতি পরোক্ষভাবে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হতে পারে।
উল্লেখ্য, ট্রাম্প আগেও বিভিন্ন বাণিজ্য চুক্তিকে ক্ষতিপূরণ বা উপহার হিসেবে জনসমক্ষে তুলে ধরেছেন। যেমন- মেক্সিকো সীমান্ত প্রাচীরের খরচ মেটানোর কথা থাকলেও মেক্সিকো শেষ পর্যন্ত কোনো টাকা দেয়নি।
কী হতে পারে মিত্র দেশগুলোর প্রতিক্রিয়া?
যুদ্ধে বড় ধরনের ক্ষতির মুখে পড়া উপসাগরীয় দেশগুলো মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের অবমাননাকর ভাষার বিরোধিতা করবে। দেশগুলো আগে থেকেই মার্কিন ঘাঁটি পরিচালনায় বিপুল পরিমাণ ব্যয় বহন ও অঞ্চলে অর্থনৈতিক অংশীদারিত্ব বজায় রেখে আসছে।
ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মারজিয়া কোহি এসফাহানি জানান, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীল ইসরায়েলের পক্ষে বর্তমানে নিজস্ব অর্থনৈতিক সংকটের কারণে এ ধরনের বড় অংকের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়।

এনটিভি অনলাইন ডেস্ক