ইরানের হুমকির মুখে ঘাঁটি থেকে যুদ্ধবিমান সরাল যুক্তরাষ্ট্র
ইরানের সম্ভাব্য হামলার খবরের মুখে যুক্তরাজ্যের দ্বিতীয় সামরিক ঘাঁটি থেকেও বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নালের‘ বিশেষ প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। খবর আলজাজিরার।
এর মাত্র কয়েক সপ্তাহ আগে যুক্তরাজ্যে মার্কিন বিমানবাহিনীর ঘাঁটি ‘আরএএফ ফেয়ারফোর্ডে‘ নিরাপত্তা হুমকির খবর সামনে আসে। সেই ঘটনার পর পরই সেখান থেকে নিজেদের দূরপাল্লার বোমারু বিমানগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছিল মার্কিন সামরিক বাহিনী।
প্রতিবেদন অনুযায়ী, এবার যুক্তরাজ্যের ‘আরএএফ মিলডেনহল’ বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমানবাহিনীর দুটি রিফুয়েলিং ট্যাংকার বিমান হঠাৎ তাদের গতিপথ বদলে জার্মানিতে অবতরণ করে। পরবর্তীতে ঘাঁটিতে থাকা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ট্যাংকার বিমান সরিয়ে নেওয়া হয়। এগুলোকে মূলত জার্মানি এবং ইউরোপের অন্যান্য নিরাপদ মার্কিন সেনাঘাঁটিতে সাময়িকভাবে স্থানান্তর করা হয়েছে।
সাম্প্রতিক এই ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র কোনো সরাসরি উত্তর দিতে চাননি। তিনি জানান, অন্য কোনো দেশের সামরিক কর্মকাণ্ড বা গোপন নিরাপত্তা ইস্যু নিয়ে যুক্তরাজ্য সচরাচর মন্তব্য করে না। তবে কৌশলগত প্রয়োজন অনুযায়ী বিশ্বের বিভিন্ন ঘাঁটিতে বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়মিত স্থানান্তর করা হয়ে থাকে।
মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার আবহেই ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে এমন পদক্ষেপ দেখা যাচ্ছে। ইরান ও এর মিত্র দেশগুলোর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকি এড়াতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

এনটিভি অনলাইন ডেস্ক