ইরানে বিয়েবাড়িতে মার্কিন বিমান হামলা, নিহত অন্তত ৪
দক্ষিণ ইরানে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান চলাকালীন বাড়িতে ভয়াবহ মার্কিন বিমান হামলায় অন্তত চারজন নিহত এবং ৩৫ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইরানের হরমোজগান প্রদেশের সিরিক কাউন্টিতে এই হামলা চালানো হয় বলে দেশটির রাষ্ট্রীয় টিভির বরাতে প্রাদেশিক এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
গত দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের ধারাবাহিকতায় মঙ্গলবার নতুন করে হামলা জোরদার করে মার্কিন সামরিক বাহিনী। এর জবাবে তেহরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ শুরু করেছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে চাপ তৈরির পথ বেছে নিয়েছিলেন। তবে হঠাৎ করেই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন বাহিনীর ওপর তেহরানের আক্রমণের জবাবে নতুন করে এই বিমান হামলা চালানোর দাবি করেছে।
হামলার পর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, ব্যর্থ রাষ্ট্র ইরান যদি এই ন্যায্য হামলার কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, তবে তাদের আরও কঠিন ও কঠোর আঘাত সহ্য করতে হবে। এমনকি সেটি তাদের ওপর সবচেয়ে বড় হামলাও নাও হতে পারে, মূল বড় আঘাত এখনও অপেক্ষমান।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরপরই বার্তা সংস্থা ফার্স ও তাসনিম নিশ্চিত করেছে, ইরানি সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ডের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিধ্বংসী ও চূর্ণবিচূর্ণকারী‘ জবাব দেওয়ার ঘোষণা দিয়ে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শুরু করা হয়েছে।
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকাগুলোতে একের পর এক বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্ট্র্যাটেজিক বন্দর নগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির কিশম দ্বীপে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, রোববারের হামলার তুলনায় মঙ্গলবারের বিস্ফোরণের মাত্রা ছিল অনেক বেশি তীব্র।
রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে বলা হয়, বিমান হামলায় কিশম দ্বীপের একটি শুঁটকি মাছের কারখানা, সিরিকের একটি ফিশিং জেটি এবং বন্দর ও সামুদ্রিক সংস্থার একটি টাওয়ার ধ্বংস হয়েছে। এ ছাড়া কেরমান প্রদেশের জিরোফ্ট বিমানবন্দরে হামলা চালানো হলেও রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়নি বা হতাহতের ঘটনা ঘটেনি।
বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ যে সংকীর্ণ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, সেই প্রণালির নিয়ন্ত্রণ রক্ষা করতেই মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রক্তক্ষয়ী এই যুদ্ধাবস্থা ও হামলা-পাল্টাহামলা তীব্র রূপ ধারণ করেছে। সূত্র : ডেইলিসাবাহ.কম

এনটিভি অনলাইন ডেস্ক