শান্তি না হয় যুদ্ধ, ইরান সংকট দ্রুত শেষ করতে চান ট্রাম্প
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান দ্বন্দ্ব দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের এই সংকট ‘শান্তি কিংবা যুদ্ধ– যেকোনো উপায়েই হোক না কেন’ যত দ্রুত সম্ভব সমাপ্ত করার পক্ষপাতী তিনি। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে দেওয়া এক বিশ্লেষণে এই দাবি করেছেন ওয়াশিংটনভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ এলমেনশাবি।
আজ শনিবার (৩১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্লেষক মোহাম্মদ এলমেনশাবি আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বর্তমানে যে ‘না যুদ্ধ, না শান্তি’ বা স্থবিরতার অবস্থা চলছে, তা ভাঙার উপায় দুটি- হয় আলোচনার মাধ্যমে কোনো অগ্রগতি অর্জন করা, নতুবা নতুন করে সামরিক আক্রমণ শুরু করা। ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্প নতুন করে হামলা চালাতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।
এলমেনশাবির মতে, ট্রাম্প বিশ্বাস করেন যে সময় তার পক্ষেই রয়েছে। এর পেছনে তিনি ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপ, তেল রপ্তানিতে মার্কিন নৌ-ব্লকেড, ইরানি এভিয়েশনের ওপর নিষেধাজ্ঞা এবং বিভিন্ন দেশের স্থল সীমান্ত বন্ধের বিষয়গুলো উল্লেখ করেছেন। তেহরানকে অবশ্যই বুঝতে হবে যে ট্রাম্প এই সংঘাতকে এ অবস্থায় ঝুলিয়ে রাখতে দেবেন না। অর্থনৈতিক ও সামরিক চাপ কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের যুদ্ধ এড়াতে আরও জোরদার ভূমিকা রাখতে বাধ্য করবে বলে মনে করেন তিনি।
বিশ্লেষক আরও জানান, ইসরায়েলের পক্ষ থেকে ট্রাম্পের ওপর নতুন করে হামলা চালানোর জন্য প্রবল চাপ রয়েছে। অন্যদিকে উপসাগরীয় আরব দেশগুলোর পক্ষ থেকে কূটনৈতিক আলোচনা বজায় রাখার বিপরীত চাপও রয়েছে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রেখে ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথ বেছে নেন, তা আগাম অনুমান করা কঠিন।

এনটিভি অনলাইন ডেস্ক