ইরানে হামলা চালাতে ট্রাম্পকে প্রতিদিন ফোন নেতানিয়াহুর
ইরানের ওপর নতুন করে সামরিক অভিযান ও হামলা শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করাতে মরিয়া হয়ে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই লক্ষ্যে তিনি ট্রাম্পকে প্রায় প্রতিদিনই সরাসরি টেলিফোন করছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমসের‘ বিশেষ প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়, ওয়াশিংটনে যখন অনেকেই ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ও উত্তেজনা প্রশমনের চেষ্টা করছেন, তখন নেতানিয়াহু প্রতিনিয়ত ট্রাম্পকে যুদ্ধ পুনরারম্ভ করার জন্য চাপ দিয়ে যাচ্ছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী যেখানে বড় ধরনের সামরিক পদক্ষেপ চাইছেন, সেখানে হোয়াইট হাউসের ভেতরের ও বাইরের একটি বড় গোষ্ঠী এই যুদ্ধ যাতে নতুন করে তীব্র না হয়, সে জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মূলত কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর জোরালো কূটনৈতিক তৎপরতার কারণেই ট্রাম্প আপাতত নমনীয় অবস্থান নিয়েছেন। সম্প্রতি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানির সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর ট্রাম্প সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে‘ দেওয়া এক পোস্টে স্বীকার করেন, আরব মিত্ররা সামরিক সংঘাতের পরিবর্তে বর্তমান অর্থনৈতিক অবরোধ এবং কূটনৈতিক অবস্থান বজায় রাখাকেই অগ্রাধিকার দিচ্ছে।
ফাইন্যান্সিয়াল টাইমস আরও উল্লেখ করেছে, মধ্যপ্রাচ্যের আরব ও মুসলিম নেতারা নেতানিয়াহুর এই অবিরাম যুদ্ধের পক্ষে লবিং করা নিয়ে চরম উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে, এটি আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ফেলবে।
তবে ইসরায়েলি সংশ্লিষ্ট অন্য একটি সূত্র দাবি করেছে, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পক্ষে থাকলেও, ট্রাম্পকে এই মুহূর্তে কোনো জোরপূর্বক সিদ্ধান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে না। ট্রাম্প প্রশাসন বর্তমানে সরাসরি হামলার চেয়ে আলোচনার মাধ্যমে সমাধান এবং সামুদ্রিক পথ নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক