ইরানের ক্ষেপণাস্ত্র ‘পার্সিয়ান কার্পেটের চেয়েও খাঁটি’ : আইআরজিসি উপদেষ্টা
নিজস্ব প্রযুক্তি ও অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের মাধ্যমে ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। এর জন্য বিদেশি কোনো সাহায্যের প্রয়োজন হয় না বলে জানিয়েছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের ঊর্ধ্বতন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বিলালী।
ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে উঠে এসেছে জেনারেল বিলালীর এই চাঞ্চল্যকর মন্তব্য। তিনি বলেন, ইরানের মিসাইল শিল্প বর্তমানে এতটাই আত্মনির্ভরশীল যে, বলা যায় এটি আমাদের বিখ্যাত পার্সিয়ান কার্পেটের (ইরানি গালিচা) চেয়েও বেশি খাঁটি। খবর আলজাজিরার।
জেনারেল বিলালী আরও স্পষ্ট করেন, তাদের এই সামরিক ও মিসাইল শিল্প এখন এমন একটি পরিপক্ব পর্যায়ে পৌঁছেছে, যেখানে বিদেশি কোনো সাহায্যের ওপর নির্ভর না করেই ধারাবাহিক উৎপাদন বজায় রাখা সম্ভব। নিজস্ব কারিগরি দক্ষতা ও দেশীয় প্রযুক্তিতে ভর করেই তারা এগিয়ে যাচ্ছে।
তিনি জানান, রকেটের কঠিন ও তরল জ্বালানি তৈরির জন্য প্রয়োজনীয় সব ধরনের কাঁচামাল ইরানের নিজস্ব খনিজ সম্পদ এবং পেট্রোলিয়াম উপজাত দ্রব্য থেকে সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা হয়। ফলে এই রাসায়নিক ও সামরিক কাঁচামালের জন্য ইরানকে আর কোনো বিদেশি সরবরাহকারী দেশের মুখাপেক্ষী হতে হয় না।
আন্তর্জাতিক বিধিনিষেধ এবং পশ্চিমা দেশগুলোর চাপ সত্ত্বেও ইরান তাদের এই ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ সংস্থান ব্যবহারে ইরানের এই অগ্রগতি মধ্যপ্রাচ্যে দেশটির কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে।

এনটিভি অনলাইন ডেস্ক