বিশ্ববাজারে জ্বালানি তেলের লিটার ৭০ টাকা
ইরানের বিরুদ্ধে অবিলম্বে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে তেলের দীর্ঘমেয়াদি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হলেও মার্কিন প্রেসিডেন্টের এমন নমনীয় অবস্থানের কারণে সাময়িকভাবে সেই শঙ্কা কেটে গেছে। ফলে আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালের লেনদেনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও কমেছে। খবর রয়টার্সের।
লেনদেনের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি ৭০ সেন্ট বা ০.৭৫ শতাংশ কমে ৯১.৮৮ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দর ব্যারেল প্রতি ৭৮ সেন্ট বা ০.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৬.০৭ ডলারে।
আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, অপরিশোধিত এক ব্যারেল তেলে প্রায় ১৫৯ লিটার তরল ধরে। প্রতি ডলারের বিনিময়মূল্য প্রায় ১২২ টাকা ধরে হিসাব করলে, ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলের ক্ষেত্রে দাঁড়ায় প্রায় ১১ হাজার ২০৯ টাকা। সে হিসেবে বিশ্ববাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি লিটারে কমে দাঁড়িয়েছে প্রায় ৭০.৫০ টাকায়। আর ডব্লিউটিআই তেলের প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় প্রায় ১০ হাজার ৫০০ টাকা, যা লিটারে পড়ে প্রায় ৬৬.০৩ টাকা।ৎ
কাতারের প্রধানমন্ত্রীর অনুরোধ এবং মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর আহ্বানে সাড়া দিয়ে স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) ডোনাল্ড ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানো থেকে বিরত থাকবে যুক্তরাষ্ট্র। তবে কৌশলগত কারণে হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অবরোধ জারি রাখা হবে। মার্কিন প্রশাসনের এই কৌশলী বার্তার পরপরই আন্তর্জাতিক তেল বাজারে উত্তাপ কমতে শুরু করে।
বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা পুরোপুরি বন্ধ না হলেও সামরিক উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি না পাওয়ায় বাজারে বাড়তি ঝুঁকির চাপ তৈরি হয়নি। পাশাপাশি ওপেকের তেল উৎপাদন অক্টোবর মাসে বৃদ্ধি পাওয়ার তথ্য সামনে এসেছে। রপ্তানি বিধিনিষেধ থাকা সত্ত্বেও সৌদি আরব, কুয়েত এবং ইরাকের উৎপাদন বৃদ্ধিতে বাজারে সামগ্রিক সরবরাহ বেড়েছে।
গত ৩০ অক্টোবরে দর ব্যারেল প্রতি ১১৮ ডলারে ওঠার পর থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২২ শতাংশ কমেছে। যদিও ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত কোনো স্থায়ী চুক্তি না হওয়া পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারে নিচে নামার সম্ভাবনা কম।

এনটিভি অনলাইন ডেস্ক