হাতকড়া খুলে পালানো ৩২ মামলার সেই আসামি গ্রেপ্তার
গাজীপুর মহানগর (জিএমপি) কোর্ট পুলিশের গারদখানা থেকে পালিয়ে যাওয়া ৩২টি মামলার আসামি মো. সম্রাট মন্ডলকে (২৮) ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করেছে র্যাব। আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১ (গাজীপুর) ও র্যাব-১৪ (ময়মনসিংহ)-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গতকাল সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে গাজীপুর সদর থানার পূর্ব জয়দেবপুর এলাকায় জিএমপি কোর্ট পুলিশের গারদখানার পাশে আসামিদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখার সময় কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায় সম্রাট। সম্রাট জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাকতাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গাজীপুরের গাছা থানার কলমেশ্বর এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় গাজীপুর সদর থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়। এর আগে, গত ১৯ জুলাই রাতে গাছা এলাকার একটি ভাড়া বাসা থেকে সহযোগীসহ সম্রাটকে গ্রেপ্তার করে পুলিশ।
র্যাব-১-এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ বলেন, গ্রেপ্তার আসামি সম্রাটকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর