বিএনপির সাবেক এমপির গাড়িতে দুর্বৃত্তদের হামলা
ময়মনসিংহের ফুলপুরে বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আকন্দের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার বালিয়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। তবে হামলার সময় তিনি গাড়িতে ছিলেন না।
ভুক্তভোগী আবুল বাশার আকন্দ ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে বালিয়া মোড় এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শনে যান তিনি। পরিদর্শন শেষে ফেরার পথে লাঠি ও ইট নিয়ে দুর্বৃত্তরা তার গাড়ির ওপর অতর্কিত হামলা চালায়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, প্রাথমিক ধারণায় মনে হচ্ছে দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার আকন্দ বর্তমানে কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এবং ময়মনসিংহ উত্তর জেলা কৃষকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ফুলপুর আসনের সংসদ সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ