সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করার আহ্বান জামায়াত আমিরের
সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, নিজের মাকে অপমান করা হলে যেমন সন্তানের হৃদয়ে গভীর আঘাত লাগে, তেমনি অন্যের মাকে অপমান করলেও সেই সন্তানের হৃদয়ে সমান বেদনা সৃষ্টি হয়।
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচরে নিহত জামায়াত সমর্থক আব্দুস ছালামের কবর জিয়ারত করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক স্মরণসভায় এসব কথা বলেন ডা. শফিকুর।
জামায়াত আমির বলেন, আল্লাহ তা’য়ালা যেন আমাদের দেশকে শান্তিতে ভরে দেন, দেশে বিদ্যমান অশান্তি ও হানাহানি দূর হয় এবং মানুষে মানুষে পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠিত হয়। তিনি সমাজ থেকে হিংসা-বিদ্বেষ ও মায়েদের অসম্মান চিরতরে দূর করার ওপর গুরুত্বারোপ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, যারা মায়েদের সঙ্গে সম্মানজনক আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বৃদ্ধি করে দেবেন।
এ সময় কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া, কাপাসিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) সালাউদ্দিন আইয়ুবী, ঢাকা উত্তর মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট রোকন রেজা শেখসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর এক নির্বাচনি জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দলটির সমর্থক আব্দুস ছালাম (৬০) নিহত হন।

মাহবুবুর রহমান, কিশোরগঞ্জ (বাজিতপুর-কটিয়াদি-নিকলী-পাকুন্দিয়া)