চিকিৎসককে মারধরের অভিযোগে দুই যুবদল নেতা বহিষ্কার
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় এক আয়ুর্বেদিক চিকিৎসককে মারধরের অভিযোগে ইউনিয়ন যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় দপ্তরের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান ডালিম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ ও সংহতি বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ওই দুই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আকতার ফারুক শাহিন, বরিশাল