মন্ত্রী ও সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান ঘিরে ডিএমপির নির্দেশনা
আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। প্রথমবারের মতো এই আয়োজন সম্পন্ন হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার সকালে সংসদ সদস্যরা এবং বিকেলে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত থাকবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই এলাকায় যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
ট্রাফিক ডাইভারশন ও বিকল্প সড়কসমূহ-
১. মিরপুর রোড থেকে ফার্মগেট : উত্তর দিক থেকে আগত যানবাহনগুলো প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটে যাবে।
২. ধানমন্ডি থেকে ফার্মগেট : ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট ও প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ও বিজয় সরণি দিয়ে ফার্মগেটে যাবে।
৩. আসাদগেট থেকে ফার্মগেট : আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)–প্রতিরক্ষা গ্যাপ ও বিজয় সরণি হয়ে যাতায়াত করবে।
৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি : খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং ও প্রতিরক্ষা গ্যাপ হয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডির দিকে যাবে।
৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি : দক্ষিণ অভিমুখী যানবাহনগুলো শ্যামলী–শিশুমেলা–গণভবন ও আসাদগেট হয়ে সরাসরি ধানমন্ডি ২৭-এর দিকে যাবে।
৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী : যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
শপথ অনুষ্ঠানের সময় জনসাধারণের সাময়িক অসুবিধা নিরসনে এবং শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

নিজস্ব প্রতিবেদক