শপথ নিতে সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত এমপিরা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার জন্যে সংসদ ভবন প্রাঙ্গণে আসতে শুরু করেছেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সংসদ ভবনের প্রবেশ পথ দিয়ে নবনির্বাচিত এমপিদের গাড়ি ঢুকতে দেখা যায়। সকাল ১০টা থেকে সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথ অনুষ্ঠান হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির শপথই আগে পড়ানো হবে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় বিএনপির সংসদ সদস্যরা শপথ নেবেন।
এদিকে শপথ অনুষ্ঠান উপলক্ষে সংসদ এলাকা ও তার চারপাশের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। যারা নির্বাচিত হয়েছেন এবং ভেতরে প্রবেশ করছেন, তাদের জাতীয় পরিচয়পত্র দেখা হচ্ছে।
টানা তিনটি সংসদ অর্থাৎ ১৫ বছর পর বিএনপির নেতারা সংসদ ভবনের প্রবেশ করছেন। ২০১৪ ও ২০২৪ সালের দুটি নির্বাচন বয়কট এবং ২০১৮ সালের নির্বাচনে অংশ নিলেও দুপুরে কারচুপির অভিযোগ এনে ভোট বয়কট করে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক