দিন-দুপুরে যুবককে কুপিয়ে হত্যা
পূর্ব শত্রুতার জেরে রাজবাড়ীতে দিন-দুপুরে জাহিদ হাসান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বিনোদপুর ৯নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জাহিদের বাবা মাহতাব বলেন, আমার ছেলে মালয়েশিয়ায় থাকত। বেশ কিছুদিন হয় বাড়িতে এসেছে। দুই হাজার ৫০০ টাকা নিয়ে কাদের সঙ্গে যেন গতকাল তর্কবিতর্ক হয়েছিল। সেটা আমার জানা নেই। আজ এলাকায় একটি দোকানে বসেছিল আমার ছেলে। এ সময় চার-পাঁচ জন এসে ছেলেকে কুপিয়ে চলে যায়। হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই এবং সর্বোচ্চ শাস্তি চাই।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. নুরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই মারা যান তিনি। শরীরে বেশ কয়েকটি আঘাত রয়েছে, বিশেষ করে মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রাসেল মোল্লা বলেন, ঘটনার খবর পেয়ে আমরা রাজবাড়ী সদর হাসপাতালে ছুটে আসি। আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেছি। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। আশা করি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

মো. কবির হোসেন, রাজবাড়ী