মানুষের দাবিগুলো যত্নের সাথে দেখতে হবে : রেজা কিবরিয়া
দেশের মানুষের কথা শুনতে হবে, তাদের দাবিগুলো যত্নের সাথে দেখতে হবে বলে জানিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রেজা কিবরিয়া। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ শেষে প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে এ কথা বলেন তিনি।
রেজা কিবরিয়া বলেন, ‘আপনারা এবার ইতিহাসের নতুন ও ভিন্ন ধরনের সংসদ দেখবেন, এটা হবে আসল গণতন্ত্রের সংসদ। বাংলাদেশের গণতন্ত্র এই পথে চলেনি কখনো। আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যেভাবে কথা বলছেন, আমার মনে হয় আপনারা নতুন ধরনের সরকার দেখবেন।’
দলের চেয়ারম্যান অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন জানিয়ে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়া বলেন, ‘আমরা যেন দেশের মানুষের সাথে কখনো বিচ্ছিন্ন না হই, আগের সরকারের মতো। জনগণের কথা আমাদের শুনতে হবে। তাদের দাবিগুলো আমাদের যত্নের সাথে দেখতে হবে। আমরা এমনকিছু করবো না যাতে জনগণের ক্ষতি হয়।’

নিজস্ব প্রতিবেদক