ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আরও দুই দাবি ককরোচ পার্টির
প্রায় দুই মাসের আন্দোলন, প্রতিবাদ কর্মসূচি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর নিজেদের দাবি আদায় করেছে ভারতের বিদ্রুপাত্মক রাজনৈতিক প্লাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দেশটির মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নফাঁসের কারণে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগপত্র দাবি করে আসছিল শিক্ষার্থীদের নেতৃত্বাধীন এই রাজনৈতিক সংগঠনটি। তাদের সেই দাবি আজ পূরণ হয়েছে।
ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র জমা দেওয়ার পর আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে ককরোচ জনতা পার্টি তাদের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা পোস্ট করে। ওই পোস্টের শিরোনাম ছিল- ‘ছাত্রশক্তির জয় হোক’। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং জবাবদিহিতার দাবিতে সিজেপির সদস্যরা গত জুন মাস থেকে দিল্লির যন্তর মন্তরে অবস্থান ধর্মঘট পালন করছিলেন।
আজ শনিবার বিকেলে সিজিপির পক্ষ থেকে এক্সে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যায় দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং যন্তর মন্তরে জড়ো হওয়া হাজার হাজার আন্দোলনকারী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর ঘোষণার সাথে সাথে উল্লাস প্রকাশ করছেন।
তবে, তাদের প্রধান দাবিটি শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে পূর্ণ হলেও এর সঙ্গে সম্পর্কিত আরও দুটি দাবি তারা এখন সামনে এনেছে। ভারতের এ বছরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় (নিট-ইউজি) খারাপ ফলাফলের কারণে যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং সাম্প্রতিক আন্দোলনে পুলিশের শক্তিপ্রয়োগে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিজেপি।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে শনিবার দাবি করেন, ২০২৬ সালের নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব শিক্ষার্থীর আত্মহত্যায় মৃত্যু হয়েছে, তাদের পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে।
অভিজিৎ আরও বলেন, গত ২০ জুলাই ‘চলো সংসদ’ পদযাত্রার সময় আন্দোলনকারীদের ওপর যেসব পুলিশ কর্মকর্তা লাঠিচার্জ করেছিলেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে।
তথ্যসূত্র : এনডিটিভি

এনটিভি অনলাইন ডেস্ক