প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানেরা। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম। এর আগে আজ সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এর আগে তাঁর সঙ্গে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) মহাপরিচালকেরা সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড স্কিম চালু করার জন্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকও করেন।
২৫ কোটি গাছ লাগানোর জন্য পাঁচ বছর মেয়াদি কর্মসূচি বাস্তবায়ন এবং নদী, খাল এবং অন্যান্য জলাশয় খনন ও পুনঃখনন পরিচালনার বিষয়ে আলোচনা করার জন্য দুপুর ২টায় আরেকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নিজস্ব প্রতিবেদক