পাবনায় ভোক্তা অধিকারের অভিযান, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
পাবনা সদর উপজেলার রামানন্দপুর, শালগাড়িয়া ও আব্দুল হামিদ রোড বাজারে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের অভিযোগে এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি।
রামানন্দপুর বাজারে উৎপাদিত পণ্যের লেবেলিং ও সংরক্ষণে নিয়ম লঙ্ঘনের অপরাধে হামজা ফুড অ্যান্ড বেভারেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শালগাড়িয়া বাজারে অননুমোদিত পণ্য মজুত ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় শ্যামলী ফুড প্রোডাক্টস লিমিটেডকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া আব্দুল হামিদ রোড বাজারে মূল্য তালিকা না টাঙানো ও অনিয়মের অভিযোগে মিলন স্টোরকে ৩ হাজার টাকা, বিসমিল্লাহ ফল ভান্ডারকে ৪ হাজার টাকা এবং কসমেটিকসের দোকান পণ্য মেলাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি বলেন, বাজারে নিত্যপণ্যের সঠিক মূল্য প্রদর্শন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

জুবায়ের খান প্রিন্স, পাবনা (সদর-সুজানগর-আটঘরিয়া-আতাইকুল)