তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করেন আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
প্রেস সচিব সালেহ শিবলী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম (আজ) বিকেল ৩টার দিকে তারেক রহমানকে ফোন করেন এবং প্রধানমন্ত্রী হওয়ায় এবং নির্বাচনে বিপুল বিজয় লাভের জন্য তাকে উষ্ণ অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফোনে কথোপকথনের সময় আনোয়ার ইব্রাহিম বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়গুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার ক্ষেত্রে মালয়েশিয়ার আগ্রহের কথাও জানান।
তারেক রহমান ফোন করার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং উভয় দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)