আইনের ঊর্ধ্বে কেউ নয়, ভাই হলেও ছাড় নয় : সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শান্তি-শৃঙ্খলা রক্ষা করাই সরকারের নাম্বার ওয়ান টার্গেট। কোনো অবস্থাতেই কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজনের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, দখলদারি, জমিকাটা, জমি দখল, গাছ কাটা কিংবা মাছ নিধনের বিচার কোনো অবস্থাতেই কেউ নিজের হাতে তুলে নিতে পারবে না। বিচার হবে বিচারালয়ের মাধ্যমে। তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। অপরাধী আমার ভাই বা বোন হলেও তাকে ছাড় দেওয়া যাবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে।
আইনের শাসন নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন তিনি, যাতে ক্ষতিগ্রস্ত মানুষ ন্যায়বিচার পায়।
কর্মচারীদের উদ্দেশে সমাজকল্যাণমন্ত্রী বলেন, হাসপাতালগুলো যেন সবসময় পরিচ্ছন্ন থাকে। মানুষ যেন বলতে না পারে হাসপাতালে গেলে দুর্গন্ধ লাগে। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে যেসব পদ শূন্য রয়েছে, সেগুলো পূরণে আপনারা আমাদের সহযোগিতা করুন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, রাত্রিকালে নদীর চরে কিছু অনৈতিক কার্যকলাপ হয়- আমি সেগুলো বন্ধ করতে চাই। কেউ যেন কখনও বলতে না পারে সেখানে জুয়া হয় বা এর ভাগ কেউ পায়। এ ধরনের কথা আমরা আর শুনতে চাই না।
সভায় দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার (এসপি) হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দেসহ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)