চট্টগ্রামে আবাসিক ভবনে বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ
চট্টগ্রামের হালিশহরের একটি ভবনের তৃতীয় তলায় বিস্ফোরণের পর আগুনের ঘটনায় নারী ও শিশুসহ একই পরিবারের নয় জন দগ্ধ হয়েছেন।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের স্বজন মো. মিলন জানান, সেহরি খেয়ে সবাই যখন নামাজের প্রস্তুতি নিচ্ছিল এই সময় একটা বিকট শব্দে আগুনের সূত্রপাত হয়। পুরো ঘর আগুনে পুড়ে যায়। প্রতিবেশীরা দ্রুত সাখাওয়াত হোসেনের পরিবারের সদস্যদের উদ্ধার করে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের মধ্যে মো. সাখাওয়াত হোসেন, সাখাওয়াতের স্ত্রী নুরজাহান বেগম, ছেলে শাওন, মেয়ে আইমান, পর্তুগাল প্রবাসী মো. সুমন, সুমনের স্ত্রী স্কুলশিক্ষিকা পাখি আক্তার, এক ছেলে আনাস, মেয়ে আইসা, সর্বমোট ৯ জন দগ্ধ হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের চিকিৎসক ডা. রফিক উদ্দিন জানান, নারী, শিশুসহ একই পরিবারের নয় জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তারা শতভাগ দগ্ধ হয়েছেন। বাকি ৬ জনের একজন ৮০ শতাংশ, দুজন ৪৫ শতাংশ, দুজন ২৫ শতাংশ এবং একজনের ২০ শতাংশ পুড়ে গেছে।
তবে আগুনের সূত্রপাত নিয়ে কেউ নিশ্চিত কিছু বলতে পারেননি। যদিও স্থানীয়রা জানান লিফটের মেশিন রুম থেকে সৃষ্ট আগুনে এ ঘটনা ঘটেছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম