ভৈরবে কেমিক্যাল কারখানা পুড়ে কোটি টাকার ক্ষতি
কিশোরগঞ্জের ভৈরবে জুতা তৈরির অনুষঙ্গ একটি কেমিক্যাল কারখানা আগুনে পুড়ে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানাটির মালিক রিংকু মিয়া। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে শহরের শম্ভুপুর এলাকার রেনু প্লাস্টিক এন্ড প্যাকেজিং নামের ওই কারখানাটিতে আগুন লাগে। এতে উৎপাদিত পণ্য, যন্ত্রপাতিসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, সকাল সাড়ে ৭টার দিকে জরুরি সেবা বিভাগ ৯৯৯ নম্বরে কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। তখন কারখানাটিতে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। এ সময় ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. আল আমিন জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারখানাটির মালামাল ও যন্ত্রপাতিসহ অর্ধকোটি টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষের দাবি প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মোস্তাফিজ আমিন, ভৈরব