সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে ক্ষুব্ধ জনতার আগুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নের চর মসলন্দ গ্রামে ছেলের সামনে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিনজনের বসতবাড়িতে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্তদের বাড়িতে প্রথম দফা হামলা ও ভাঙচুর চালানো হয়। পরবর্তীতে সন্ধ্যার পর গ্রামবাসী একত্রিত হয়ে অভিযুক্ত রাজিব, এনামুল ও ফাহিমের বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
সংবাদ পেয়ে গফরগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ছেলেকে বেঁধে রেখে তার মায়ের ওপর নির্যাতন চালায় অভিযুক্তরা। এই ঘটনার পর গফরগাঁও থানায় একটি মামলার করা হয়। মামলার পর পুলিশ মূল অভিযুক্ত রাজিবকে গ্রেপ্তার করে। তবে অন্য অভিযুক্তরা পলাতক রয়েছে।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান শেখ।

আইয়ুব আলী, ময়মনসিংহ