সাবেক মুখ্য সচিব আবুল কালামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব এবং জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নাছরুল্লাহ হোসাইন এদিন সংশ্লিষ্ট ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আবেদনের ওপর শুনানি শেষে বিচারক এই আদেশ দেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট এই ব্যক্তি তদন্ত এড়াতে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে বিধি-নিষেধ আরোপ করা অত্যন্ত জরুরি।

আদালত প্রতিবেদক