দিনাজপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
দিনাজপুরের খানসামায় পুকুরের পানিতে ডুবে অর্চনা রায় (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত অর্চনা রায় দুবলি এলাকার পরিমল রায়ের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরের ধারে দুই শিশুর সঙ্গে খেলছিল অর্চনা। একপর্যায়ে অর্চনা অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর এক শিশুর মা নিজের সন্তানকে খুঁজতে গিয়ে অর্চনাকে পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে রানীরবন্দর বাজারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, দুপুরে তিন শিশু একসঙ্গে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)