সেবা নিয়ে সন্দেহ-অবিশ্বাস দূর করতে হবে : ভূমিমন্ত্রী
ভূমীমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সেবা নিয়ে মানুষের মনে যে সন্দেহ অবিশ্বাস আছে, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টার (১৬১২২) কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান মিনু বলেন, কল সেন্টারের ব্যাপক প্রচার দরকার, যাতে প্রান্তিক মানুষ ভূমি সেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে, যাতে প্রতিদিন কমপক্ষে দুই হাজার মানুষ এই সেবা পায়, যা বর্তমানে ২০০-৩০০ জনে সীমাবদ্ধ আছে।
মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, সেবা খাতে ঘুষ-দুর্নীতি বন্ধ করতে চাই, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় জিরো টলারেন্স থাকবে। ভূমি মন্ত্রণালয়ের পূর্বের দায়িত্বপ্রাপ্তগণ ঘুষ-দুর্নীতিতে দেশে বিদেশে কুখ্যাত ছিলো। আমাদের পূর্ব পুরুষেরা কৃষক ছিলেন। তাদের প্রতিচ্ছবি সামনে রেখে কাজ করব।
প্রতিমন্ত্রী বলেন, ভূমি খাতের অভিযোগ, আপত্তি, আপীল নিষ্পত্তিতে কিভাবে সময় কমানো যায় তা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে অলটারনেটিভ ডিসপুট রেজোলিউশন (এডিআর) বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো ভূমির মামলাগুলো দ্রুত সমাধানের তাগিদ দেন। আপত্তি ও আপীল নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করার বিষয়েও কথা বলেন তিনি।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারেরকার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা আধুনিকরণে বিভিন্ন নির্দেশনা দেন।

নিজস্ব প্রতিবেদক