ঈদযাত্রা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে ৩ মার্চ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ৩ মার্চ শুরু হচ্ছে। প্রথম দিন ১৩ মার্চের ট্রেনের টিকিট দেওয়া হবে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি ১৩ মার্চ শুরু হবে, সেই দিন ২৩ মার্চের টিকিট বিক্রি করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় গত ১৯ ফেব্রুয়ারি এসব সিদ্ধান্ত হয়। ওই সভায় রেলপথ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী শেখ রবিউল আলম উপস্থিত ছিলেন। এবারও সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এ ছাড়া ঈদযাত্রায় যাত্রীদের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
রেলপথ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এবার ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২০ বা ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে।
রেলওয়ে সূত্র জানায়, বিক্রির দ্বিতীয় দিন ৪ মার্চ ১৪ মার্চের টিকিট পাবেন যাত্রীরা। ১৫ মার্চের ট্রেনের টিকিট বিক্রি হবে ৫ মার্চ। ১৬ মার্চের টিকিট পাওয়া যাবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি হবে।
এবার পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বেলা ২টা থেকে অনলাইনে বিক্রি শুরু হবে বলে রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন। একজন যাত্রী অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক