ইরান ইস্যুতে সৌদি-তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন দফা শান্তি আলোচনা শুরুর সম্ভাবনার মধ্যেই সৌদি আরব ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চলতি সপ্তাহেই এই সফর
অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে জানান, সম্ভাব্য নতুন আলোচনার পথ সুগম করতে এবং মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদারে শাহবাজ শরিফ তাকে অবহিত করেছেন। তিনি শান্তি প্রক্রিয়া ধরে রাখতে যুক্তরাষ্ট্র, ইরানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। খবর আল জাজিরার।
দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই এই কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলা সাময়িকভাবে বন্ধ রাখতে সহায়তা করেছে।
এর আগে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফের মধ্যে প্রায় ২১ ঘণ্টার বৈঠক হলেও কোনো চূড়ান্ত সমাধান হয়নি। তবে উভয় পক্ষই আলোচনার পথ খোলা রাখার বিষয়ে একমত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই পাকিস্তানে আবারও আলোচনা শুরু হতে পারে। যদিও ভেন্যু হিসেবে ইসলামাবাদ ও জেনেভার নাম বিবেচনায় রয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং জটিল এই সংকট সমাধানে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন।
এদিকে যুদ্ধবিরতির মধ্যেও উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ জোরদার করেছে, আর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক