প্রকাশিত হয়েছে জোবায়ের মিলন সম্পাদিত ‘আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী’
প্রকাশিত হয়েছে জোবায়ের মিলন সম্পাদিত মানবহিতৈষী ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনস্মৃতিগ্রন্থ ‘আমাদের ডা. জাফরুল্লাহ চৌধুরী’। অমর একুশে বইমেলা উপলক্ষে গ্রন্থটি প্রকাশ করেছে ঐতিহ্য।
স্বাধীনতার পর যেসব আলোকিত মানুষের নিঃস্বার্থ শ্রম আর মেধায় রচিত হয়েছে এদেশের সমাজ ও সংস্কৃতির অবয়ব; তাঁদের কর্ম, চিন্তা, সৃজন ও শ্রমে সহজ হয়েছে আমাদের জীবন। রূপ পেয়েছে স্বপ্ন, সুগঠিত হয়েছে বাংলাদেশ। ডা. জাফরুল্লাহ চৌধুরী সেই বহুমাত্রিক কর্মযোগী মানুষদের অন্যতম। মূলত পেশাগত, রাজনৈতিক, সাংগঠনিক সর্বোপরি মুক্তিযুদ্ধের অনন্য আদর্শ ও দর্শন ধারণ করে মানবতায় উজ্জীবিত এক মহীরূহ তিনি।
মুক্তিযুদ্ধের সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বিদেশের পাসপোর্ট ছিঁড়ে ফেলে ও ‘ফিল্ড হাসপাতাল’ এর মধ্যদিয়ে নিজেকে আবিষ্কার করেছিলেন দেশের একনিষ্ঠ সেবক হিসেবে। সেই তিনিই আবার স্বাধীন দেশে হয়ে উঠলেন নিয়ম ভাঙার এবং নতুন নিয়ম গড়ার ও অজানা নিয়ম চালু করার পরার্থপর অপূর্ব যোদ্ধা; সমাজ সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিকল্পধারার স্বাস্থ্য আন্দোলন, নারীপ্রগতি, গ্রামমুখী পেশাদারী বিকাশের মহানায়ক। মানুষকে ভালোবেসে সবহারা মানুষের সঙ্গী হলেন তিনি। রাজকীয় জীবনযাপন ছেড়ে নেমে এলেন সাধারণের কাতারে।
স্রোতের বিপরীতে কাজ করা যে কত কঠিন, তা জীবনের প্রতিদিন অনুভব করেছেন তিনি। কিন্তু তাঁর লক্ষ্য থেকে কিছুই তাঁকে বিচ্যুত করতে পারেনি। তাঁর বিপ্লবী চেতনা এমন কিছু করে দেখিয়েছে, যা আগে কেউ কখনো ভাবেনি। তাঁর রাজনৈতিক পথ ও মত নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু তাঁর মানবিক গুণ, তাঁর দেশপ্রেম ও পরোপকারিতা প্রশ্নাতীত।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবদ্দশায় তাঁকে নিয়ে অনেকে লিখেছেন, লিখেছেন মৃত্যুর পরও। এসব লেখায় তাঁর জীবন ও কর্মের, সাধনা ও সংগ্রামের অভূতপূর্ব খণ্ডচিত্র উঠে এসেছে; এই খণ্ডচিত্রকে একত্র করার দায়িত্ব নিয়েছেন তরুণ সাংবাদকর্মী জোবায়ের মিলন। গ্রন্থটির লেখক তালিকায় আছেন জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক, পুত্র বারীশ হাসান চৌধুরী, বোন সেলিনা চৌধুরী মিলি, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. মো. সায়েদুর রহমান, ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, ড. বিজন কুমার শীল, গরহার নাঈম ওয়ারা, জুলিয়ান ফ্রান্সিস, কবি ফরহাদ মযহার, ড. শাহদীন মালিক, এম সাখাওয়াত হোসেন, কাজী জাওয়াদ, মহিউদ্দিন আহমদসহ আরও অনেকে।
জোবায়ের মিলন সম্পাদিত এই গ্রন্থে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও দর্শন, শ্রম ও সংগ্রাম, নিষ্ঠা ও আদর্শ তুলে ধরার চেষ্টা আছে। বইটি পড়লে বহুমাত্রিক ডা. জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে অজানা অনেক কিছুই যেমন জানা যাবে, জানা যাবে-তিনি এমন এক মানুষ, মৃত্যুতে যিনি শেষ হওয়ার কথা নয়। জীবনানন্দ দাশের ভাষায়, ‘এ-পৃথিবী একবার পায় তারে, পায়নাকো আর।’
গ্রন্থটির প্রচ্ছদ করেছেন আর. করিম এর স্কেচ অবলম্বনে রাইসুল ইসলাম আসাদ। মুদ্রিত মূল্য : ৫৮০ টাকা।

নিজস্ব প্রতিবেদক