শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে : শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন।
শ্রমমন্ত্রী বলেন, আমাদের নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। শুধু কথা না বলে জাতীয় স্বার্থকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। কারণ, আমরা এখানে শুধু কাজ করতে এসেছি, অন্য কোনো ভিশন নেই।
সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, আমাদের বিদেশগামী কর্মীদের প্রি ডিপারচার অরিয়েন্টেশন (পিডিও) সঠিকভাবে হচ্ছে না বলে কর্মীদের সম্পর্কে খারাপ ধারণা তৈরি হচ্ছে। তাছাড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরও সচল করে দক্ষ মানবসম্পদ তৈরি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)