নিজ পিস্তলের গুলিতে এসআই আহত
নাটোর পুলিশ লাইন্সে কর্মরত দেওয়ান মামুন নামে এক উপপরিদর্শক (এসআই) নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে আহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ লাইন্সে এই ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদেশি নাগরিকদের নিরাপত্তা ডিউটি শেষ করে সন্ধ্যায় পুলিশ লাইন্সে ফিরে আসেন এসআই মামুন। এ সময় অসাবধানতাবশত নিজের সরকারি পিস্তল থেকে গুলি বেরিয়ে তার বাম পায়ের গোড়ালিতে বিদ্ধ হয়। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
খবর পেয়ে নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব প্রাইভেট ক্লিনিকে গুলিবিদ্ধ ওই এসআইকে দেখতে যান। এ সময় তিনি সাংবাদিকদের জানান, এটি একটি দুর্ঘটনা। অসাবধানতাবশত নিজের পিস্তল থেকেই তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

হালিম খান, নাটোর