যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীর গুলিতে শিক্ষক আহত, গ্রেপ্তার ১
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে শিক্ষককে গুলি করে গুরুতর আহত করার অভিযোগে ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে আটক করেছে দেশটির পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
হবস শহর পুলিশ বিভাগের প্রধান জেমস জোন্স এক সংবাদ সম্মেলনে জানান, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হবস শহরের ‘হাইল্যান্ড মিডল স্কুলে’ এ গুলির ঘটনা ঘটে। ক্লাসের বিরতিকালে অভিযুক্ত শিক্ষার্থী বাইরে বের হয়। এ সময় শিক্ষক কেলি ম্যাথিউস ভবনের কোণ পার হতেই কোনো কথাবার্তা ছাড়াই ওই কিশোর তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে।
আহত শিক্ষক কেলি ম্যাথিউসকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন হলেও বর্তমানে তা স্থিতিশীল রয়েছে।
পুলিশ প্রধান জোন্স আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে কাছের এক আবাসিক এলাকায় চলে যায়। তবে পুলিশ ধাওয়া দিয়ে কয়েক ব্লকের মধ্যেই তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার কাছ থেকে একটি সেমি-অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়েছে।
পুলিশ এখনও এ ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ বা কোনো দ্বন্দ্বের কথা প্রকাশ করেনি। তবে হামলাকারী কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার পর বিদ্যালয় এলাকা এবং আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক