কপ-৩১ অগ্রাধিকার তালিকায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয় অন্তর্ভুক্ত
জাতিসংঘের জলবায়ু আলোচনার চূড়ান্ত সিদ্ধান্তে অন্তর্ভুক্ত হতে পারে এমন সব বিষয়ের একটি অগ্রাধিকার তালিকা বা উইশ লিস্ট প্রকাশ করেছেন কপ-৩১ সম্মেলনের নেতারা। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত এ তালিকায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার মতো বহুল আলোচিত বিষয়টিও রয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
তুরস্কের সঙ্গে যৌথ আয়োজক হিসেবে আলোচনার নেতৃত্ব দেওয়া অস্ট্রেলিয়া এই জলবায়ু সম্মেলন থেকে একটি কভার ডিসিশন বা সার্বিক রাজনৈতিক মতৈক্য তৈরির চেষ্টা চালাচ্ছে।
দুই সপ্তাহব্যাপী এই সম্মেলন যখন মাঝামাঝি পর্যায়ে পৌঁছাচ্ছে, তখন তুরস্কের ভূমধ্যসাগরীয় অবকাশযাপন কেন্দ্র আনতালিয়ায় চলমান আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলোর মতামতের ভিত্তিতে অস্ট্রেলীয় দল একটি ‘ভাবনার সারসংক্ষেপ’ বা সামারি অব রিফ্লেকশনস প্রকাশ করেছে।
কোনো দেশের নাম উল্লেখ না করা এই তালিকায় এমন বেশ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যা বছরের পর বছর ধরে প্রতিটি জলবায়ু সম্মেলনে ধনী, উন্নয়নশীল এবং তেলসমৃদ্ধ দেশগুলোকে বিভক্ত করে রেখেছে।
এ প্রসঙ্গে জলবায়ু বিষয়ক থিংক ট্যাংক ইথ্রিজি-এর বিশেষজ্ঞ অ্যালডেন মেয়ার বলেন, কভার ডিসিশনে কী কী থাকতে পারে, সে বিষয়ে এখান থেকে সব ধরনের ইঙ্গিত পাঠানো হচ্ছে। তিনি বলেন, ‘বড় প্রশ্ন হলো, বিভিন্ন দেশের জোটের বিরোধিতার এই পরীক্ষায় শেষ পর্যন্ত কোন বিষয়গুলো টিকে থাকতে পারবে।’
এগুলোর মধ্যে প্রধান হলো জ্বালানি ব্যবস্থা থেকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে কমিয়ে আনা, যে বিষয়ে ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ শীর্ষ সম্মেলনে এক কঠিন আলোচনার পর দেশগুলো একমত হয়েছিল।
কিন্তু আজারবাইজানে অনুষ্ঠিত কপ-২৯ এবং ব্রাজিলে অনুষ্ঠিত কপ-৩০-এর চূড়ান্ত সিদ্ধান্ত থেকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার স্পষ্ট উল্লেখ বাদ দেওয়া হয়েছিল; তেল উৎপাদনকারী দেশগুলোর বিরুদ্ধে এই ‘ভাষা’ আটকে দেওয়ার অভিযোগ উঠেছিল।
কপ-৩১-এর অগ্রাধিকার তালিকার অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে জলবায়ু অভিযোজন অর্থায়ন তিন গুণ করা—যে তহবিল উন্নত দেশগুলো দরিদ্র দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তাদের অবকাঠামো উন্নত করতে প্রদান করে।
ইউরোপীয় ইউনিয়ন অবশ্য সতর্ক করে দিয়েছে যে, কপ-৩১-এ অতিরিক্ত তহবিলের প্রতিশ্রুতি দেওয়ার মতো কোনো রাজনৈতিক সদিচ্ছা তাদের থাকবে না।
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রাক-শিল্প স্তরের চেয়ে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা বিশ্ব ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে—এই প্রেক্ষাপটে তালিকায় এই সীমা অতিক্রমের ‘মাত্রা ও স্থায়িত্বকাল’ সীমিত রাখার আহ্বান জানানো হয়েছে।
কিছু দেশ জাতিসংঘের জলবায়ু বিজ্ঞান প্যানেল, ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি)-এর কেন্দ্রীয় ভূমিকার কথা উল্লেখ করারও প্রস্তাব দিয়েছে।
আইপিসিসি-র প্রায় ২০০টি সদস্য দেশের মধ্যে অনেকেই চায়, ২০২৮ সালে অনুষ্ঠিতব্য জাতিসংঘের গুরুত্বপূর্ণ জলবায়ু শীর্ষ সম্মেলনের আগেই যেন সংস্থাটির পরবর্তী বড় প্রতিবেদনটি প্রকাশিত হয়।
তবে সৌদি আরব, ভারত এবং চীনসহ কিছু দেশ যুক্তি দিয়েছে যে, উন্নয়নশীল দেশগুলোর বিজ্ঞান ও তথ্য-উপাত্ত অন্তর্ভুক্ত করার জন্য আরও সময়ের প্রয়োজন এবং নতুন প্রতিবেদনটি প্রকাশের সময় ২০২৯ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া উচিত।
কপ-৩১ চুক্তির প্রথম খসড়া পাঠ্য সোমবার প্রকাশিত হতে পারে।
অ্যালডেন মেয়ার বলেন, অস্ট্রেলীয় আলোচক দলকে খুবই সতর্ক থাকতে হবে, কারণ এই পুরো প্রক্রিয়ার বৈধতা নিয়েই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো পক্ষ রয়েছে।
মেয়ার জানান, রাশিয়া এবং আরব গ্রুপসহ কিছু দেশ বলছে যে, এ ধরনের কোনো সার্বিক রাজনৈতিক চুক্তি বা কভার ডিসিশনের কোনো ম্যান্ডেট বা অনুমোদন নেই।
আগামী ২০ নভেম্বর কপ-৩১ সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে, তবে জলবায়ু আলোচনা প্রায়ই নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে চলে।

এনটিভি অনলাইন ডেস্ক