ভারতে ‘গণতন্ত্র সম্মেলনে’ যোগ দিতে বক্তাদের বাধা দিচ্ছে সরকার
ভারতের বিরোধী দল কংগ্রেস আয়োজিত ‘গণতন্ত্র সম্মেলনে’ যোগ দিতে আসতে ইচ্ছুক শতাধিক আন্তর্জাতিক বক্তাকে দেশটির সরকারি কর্তৃপক্ষ প্রবেশের অনুমতি দেয়নি বলে শুক্রবার (১৩ নভেম্বর) দলটির জ্যেষ্ঠ রাজনীতিবিদ শশী থারুর অভিযোগ করেছেন। ভারতে আসার ক্ষেত্রে যাদের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে, তাদের মধ্যে একজন নরওয়েজিয়ান সাংবাদিকও রয়েছেন। ওই সাংবাদিক এর আগে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেছিলেন। খবর বার্তা সংস্থা এএফপির।
কংগ্রেস সাংসদ এবং জাতিসংঘের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা শশী থারুর জানিয়েছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া ৩১৫ জন বক্তার মধ্যে ১১৫ জনকে পরে দেশে প্রবেশে বাধা দেওয়া হয়েছে অথবা তাদের ভিসা বাতিল করা হয়েছে। এই পদক্ষেপ স্পষ্টতই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে হয়েছে বলে দাবি করেছেন শশী থারুর।
সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ শশী থারুর লিখেছেন, ‘আইনের কোন বিধানের অধীনে সরকার এমন কঠোর পদক্ষেপ নিয়েছে, তা মোটেও স্পষ্ট নয়।’
শশী থারুর আরও যোগ করেন, ‘কী লজ্জার বিষয়, একটি গর্বিত গণতন্ত্র এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছে যে, সমালোচনামূলক হতে পারে এমন যেকোনো কণ্ঠস্বরকে তাদের দমিয়ে রাখতে হচ্ছে!’
ভিসা প্রত্যাখ্যানের এই বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘ভিসা সংক্রান্ত বিষয়গুলো যেকোনো দেশ বা সরকারের সার্বভৌম এখতিয়ারভুক্ত কাজ।’
নরওয়েজিয়ান সাংবাদিক হ্যালে লিং গত বুধবার জানান, ভারতে ভ্রমণের ঠিক আগমুহূর্তে তার ভিসা বাতিল করা হয়েছে। ভারতের হায়দরাবাদে কংগ্রেস আয়োজিত ‘ভারত সম্মেলনে’ তাকে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।
গত মে মাসে নরওয়ের রাজধানী অসলো সফরকালে এক সংবাদ ব্রিফিংয়ে হ্যালে লিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেছিলেন কেন তিনি গণমাধ্যমকে এড়িয়ে চলেন।
'এডিটরস গিল্ড অব ইন্ডিয়া' এই ভিসা বাতিলের ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এই পদক্ষেপে আমলাতান্ত্রিক বাড়াবাড়ির ছাপ স্পষ্ট। তারা সরকারকে এর কারণ প্রকাশ ও সিদ্ধান্তটি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।
শুক্রবার হায়দ্রাবাদ শহরে শুরু হওয়া দুই দিনব্যাপী এই সম্মেলনে গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে আলোচনার জন্য ৭০টিরও বেশি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি একত্রিত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক