বোনের কথা রাখতে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের বিচি
ভাই-বোনের নিখাদ স্নেহের সম্পর্ককে কেন্দ্র করে বিশ্বে নানা বিস্ময়কর ঘটনা দেখা যায়। তবে ভারতের পশ্চিমবঙ্গের এক ব্যক্তির গল্প সব সীমানা ছাড়িয়ে গেছে। বোনের প্রতি ভালোবাসা ও তার দেওয়া কথা রাখতে টানা ৩০ বছর ধরে মুখের ভেতরে জলপাইয়ের বিচি নিয়ে জীবনযাপন করছেন এক ভাই। সম্প্রতি গণমাধ্যমে এই চাঞ্চল্যকর ও হৃদয়স্পর্শী ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকেই তা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের বাসিন্দা জয়দেব বিশ্বাস। পেশায় পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সরবরাহ কোম্পানির সাবেক এই কর্মী। মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার কোনো বোন ছিল না। ফলে প্রতিবছর ভাইফোঁটার দিনে পাজামা-পাঞ্জাবি পরে অন্য সবার বোনের বাড়ি যাওয়ার দৃশ্য দেখলে তার মন খারাপ হতো। তার পরিবারে কেবল মা ছিলেন।
জয়দেবের বাড়ির পাশেই থাকতেন বাঘাযতীন কলেজের অধ্যাপক অগ্নিবীণা দেবী। একদিন অগ্নিবীণার কাছে নিজের মনের দুঃখ ও ভাইফোঁটা না পাওয়ার কষ্টের কথা প্রকাশ করেন জয়দেব। সব শুনে স্নেহের সুরে অগ্নিবীণা তাকে জানান, তিনিই তাকে ফোঁটা দেবেন। সেই থেকে প্রতিবছর ভাইফোঁটার দিনে অগ্নিবীণা দেবী নিয়ম করে জয়দেবের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনা করতেন এবং নিজ হাতে নানা সুস্বাদু পদ রান্না করে খাওয়াতেন। ওই খাবারের শেষ পাতে থাকত দাদার সবচেয়ে পছন্দের জলপাইয়ের চাটনি।
ঘটনাটি ১৯৯৬ সালের ভাইফোঁটার। সেদিন ফুলতোলা আসনে বসে তৃপ্তি সহকারে জলপাইয়ের চাটনি খাচ্ছিলেন জয়দেব। সামনে হাসিমুখে বসে থাকা অগ্নিবীণা গালে হাত দিয়ে দাদার খাওয়া দেখছিলেন। একপর্যায়ে মুচকি হেসে তিনি কৌতূহল প্রকাশ করে জানতে চান, এই জলপাইয়ের আঁটি তিনি কত দিন মুখে রাখতে পারবেন? বোনের হাতের রান্নার প্রতি গভীর ভালোলাগা থেকে জয়দেব তখন গর্বের সঙ্গে প্রতিশ্রুতি দেন, বোন নিজে না বলা পর্যন্ত তিনি এই আঁটি মুখেই রেখে দেবেন।
সেই থেকে শুরু হয় অদ্ভুত এক ব্রত। বোনের কথা রাখতে জয়দেব সেই জলপাইয়ের বিচি মুখেই আটকে রাখেন। প্রথম দিকে জিহ্বায় ঘা হওয়া কিংবা রক্ত পড়ার মতো মারাত্মক শারীরিক অস্বস্তির মুখে পড়লেও তিনি মুখ থেকে আঁটিটি ফেলেননি। দীর্ঘ তিন দশকের অভ্যাসে সেই জলপাইয়ের বিচি এখন তার মুখের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তিনি এই বিচি মুখে রেখেই পানি পান করেন, দাঁত মাজেন, নিয়মিত খাবার খান এবং রাতে ঘুমান। রাস্তাঘাটে বা বাইরে কৌতূহলী মানুষ এ বিষয়ে জানতে চাইলে তিনি শুধু মুখ হাঁ করে তিন দশক ধরে বয়ে বেড়ানো সেই জলপাইয়ের আঁটিটি দেখিয়ে দেন।
তবে এই প্রতিশ্রুতির সঙ্গে জড়িয়ে রয়েছে এক গভীর বেদনাদায়ক অধ্যায়। ২০১২ সালের ২৪ জানুয়ারি অগ্নিবীণা দেবী আত্মহত্যা করেন। বোনের এই আকস্মিক ও মর্মান্তিক প্রস্থান জয়দেবের জীবনে গভীর আঘাত হানে। গলা জমে আসা কান্না সামলে তিনি জানান, বোন আজ পৃথিবীতে না থাকলেও তার স্মৃতি ও দেওয়া প্রতিশ্রুতিটুকু তিনি আজীবন এভাবেই আগলে রাখবেন। সূত্র : নিউজ১৮

এনটিভি অনলাইন ডেস্ক