বনের পাশ থেকে আগুনে পোড়া যুবকের মরদেহ উদ্ধার
গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বনের পাশ থেকে অজ্ঞাতনামা এক যুবকের আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার-বরমী আঞ্চলিক সড়কের বৃন্দাবন এলাকা থেকে এই অঙ্গার হওয়া দেহটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, যুবকটিকে অন্য কোথাও হত্যার পর নির্জন বনের ভেতর শুকনো পাতা ও খড়কুটো দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে যাতে পরিচয় শনাক্ত করা না যায়।
স্থানীয়রা সকালে বনের পাশে পোড়া মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের বয়স আনুমানিক ২০ বছর বলে ধারণা করা হচ্ছে। ঘটনার ভয়াবহতা বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মেরাজুল ইসলামসহ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পিবিআই এবং জেলা ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাত খুনিরা পরিকল্পিতভাবে যুবকটিকে হত্যা করে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে গজারী বনের শুকনো পাতা দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে দেহটি প্রায় পুরোপুরি অঙ্গার হয়ে গেছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনাসহ প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)