চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে একজন নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। গতকাল শনিবার ইফতারের পরে হাসাদাহ মডেল কামিল মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। এতে জামায়াতে ইসলামীর ১ জন নিহত ও দুজন আহত এবং বিএনপির দুজন আহত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় জামায়াতকর্মী নিহত হাফিজুর রহমান (৪৫) রাত একটার দিকে ঢাকায় নেয়ার পথে মারা যান। হাফিজুর রহমান জীবননগরের সুটিয়া গ্রামের ওহেদ মিয়ার ছেলে।
গুরুতর আহত জামায়াতের আমির মফিজুর রহমানকে ঢাকায় এভারকেয়ার হাসাপতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং অন্যদেরকে জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হাফিজুর রহমান আহত আমির মফিজুরের বড় ভাই।
আহতরা হলেন জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের মৃত ওহাবের ছেলে এবং বাঁকার ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান (৪০) ও একই গ্রামের মৃত গোপাল মন্ডলের ছেলে খায়রুল ইসলাম (৫০) এবং বিএনপির স্থানীয় কর্মী মেহেদী হাসান ও তার বাবা জসিম উদ্দীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা থেকে হাসাদাহ বাজার এলাকার অবস্থা থমথমে ছিল। জামায়াত ও বিএনপি মুখোমুখি অবস্থান নেওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছিলেন স্থানীয়রা।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন জীবননগর থানা পুলিশের একটি টিম।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, হাসাদহে জামায়াত ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল আছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে পরিবেশ এখন অনেকটা শান্ত আছে।

রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা