বৈরুতে বাস্তুচ্যুতদের ওপর একাধিক ইসরায়েলি হামলা, নিহত ৮
লেবাননের রাজধানী বৈরুতের সমুদ্রতট এলাকায় বাস্তুচ্যুত মানুষের ওপর ইসরায়েলি একাধিক বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
হামলাটি বৈরুতের রামলেত আল-বাইদা এলাকায় চালানো হয়। ইসরায়েলি বোমাবর্ষণ থেকে বাঁচতে অনেক বাস্তুচ্যুত পরিবার ওই স্থানে অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতের বেলায় তাঁবুতে ঘুমিয়ে থাকা অবস্থায় যুদ্ধবিমানের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। প্রথম বিস্ফোরণের পর তারা তাঁবু থেকে বের হয়ে আসতেই দ্বিতীয় হামলা ঘটে।
বিশ্লেষকদের মতে, এটি সম্ভবত ইসরায়েলের আরেকটি লক্ষ্যভিত্তিক হামলার চেষ্টা ছিল। তবে হামলাটি এমন এলাকায় চালানো হয়েছে, যেখানে আগে সরিয়ে নেওয়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, একই দিনে দেশটির দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন।
দক্ষিণ লেবাননের দেইর আন্তার এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলায় একজন নিহত হন। টাইর জেলার বারিশ এলাকায় বিমান হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।
এ ছাড়া বৈরুতের কাছের আরামুন শহরে হামলায় তিনজন নিহত ও এক শিশু আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে বুর্জ শামালি এলাকায় হামলায় এক মা ও তার তিন সন্তান নিহত হন। একই দিনে বালবেক জেলার শা’আত শহরে ইসরায়েলি হামলায় আরও আটজন নিহত হয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত লেবাননে ৬৩৪ জন নিহত হয়েছেন।
এদিকে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন শহর ও সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর দাবি করেছে।
সংগঠনটি জানিয়েছে, উত্তর ইসরায়েলে একসঙ্গে ১০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে, যা সংঘাত শুরুর পর সবচেয়ে বড় হামলাগুলোর একটি।
এ ছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইয়ারা ব্যারাক, বেইত লিদ ঘাঁটি, তেল আবিবের কাছে গ্লিলোট ঘাঁটি এবং হাইফার কাছে আতলিত ঘাঁটিতে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া কিছু রকেট খোলা জায়গায় পড়েছে এবং উত্তর ইসরায়েল ও গোলান মালভূমিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
চলমান সংঘাতে লেবাননে মানবিক পরিস্থিতি ক্রমেই সংকটজনক হয়ে উঠছে। জাতিসংঘ ও লেবাননের বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ৭ লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
অন্যদিকে লেবাননে এখন পর্যন্ত অন্তত দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং হিজবুল্লাহর রকেট হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এনটিভি অনলাইন ডেস্ক