লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৬
দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ তথ্য জানা গেছে।
শনিবার (১৫ আগস্ট) ভোরের দিকে নাবাতিয়াহ জেলার আনসার শহরের উপকণ্ঠ এবং নাবাতিয়াহ আল-ফওকার কাছাকাছি এলাকায় তিনটি বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আলজাজিরার।
লেবাননের বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা জানান, আনসারের ওয়াদি খলিল এলাকার একটি ভবনে এই ভোরে হামলা চালানো হয়। উদ্ধার অভিযান এখনো অব্যাহত থাকায় নিহতের এই সংখ্যা প্রাথমিক বলে ধারণা করা হচ্ছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কি না, তা নিশ্চিতে অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
নাবাতিয়াহ এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে এলাকা ছেড়ে যেতে শুরু করেছেন। এ হামলার ঘটনাটি কেন্দ্র করে দক্ষিণ লেবাননে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক