ইরানের হস্তক্ষেপ বন্ধ ও লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি আউনের
লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং দেশটির ভূখণ্ডে হামলা বন্ধের দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবসের আগে দেওয়া এক ভাষণে আউন বলেন, দেশটি বর্তমানে দুটি গুরুত্বপূর্ণ সংকটের মুখোমুখি। এর একটি হলো, লেবাননের ভূখণ্ডের কিছু অংশে ইসরায়েলের দখলদারত্ব। অন্যটি হলো, ইরানের ক্ষমতাসীন ব্যবস্থার কিছু প্রভাবশালী পক্ষের অস্ত্র ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে নেওয়া সিদ্ধান্তের মাধ্যমে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ।
আউনের ভাষায়, এই দুটি বড় বাধা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ কারণে লেবানন এখনও পূর্ণ স্বাধীনতা উদ্যাপন করতে পারছে না।
ইসরায়েলের উদ্দেশে তিনি বলেন, লেবাননের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি থেকে সেনা প্রত্যাহার করুন। হামলা বন্ধ করুন। আমাদের বন্দিদের ফিরিয়ে দিন।
লেবাননের বহু নাগরিক ইসরায়েলের আটককেন্দ্রগুলোতে বন্দি রয়েছেন বলে ধারণা করা হয়। তাদের মধ্যে সাধারণ নাগরিকের পাশাপাশি দক্ষিণ লেবাননে সংঘর্ষের সময় আটক হিজবুল্লাহর সদস্যরাও রয়েছেন।
দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন আউন। তিনি বলেন, রাষ্ট্রের বাইরে এমন কোনো অস্ত্র থাকতে পারবে না, যা বিদেশি শক্তির নির্দেশে পরিচালিত হয় বা তাদের স্বার্থে ব্যবহৃত হয়।
হিজবুল্লাহর উদ্দেশে তিনি বলেন, আপনাদের অস্ত্র সমর্পণ করতে হবে।
লেবানন সরকার ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে। দীর্ঘদিন ধরে গোষ্ঠীটির অস্ত্রভান্ডার লেবাননের জাতীয় সেনাবাহিনীর অস্ত্রভান্ডারের চেয়ে অনেক বড়। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলে নিজেদের অস্ত্র রাখার পক্ষে যুক্তি দিয়ে আসছে হিজবুল্লাহ।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর গত জুনে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। এতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয় অন্তর্ভুক্ত ছিল।
তবে চুক্তি বাস্তবায়নের অগ্রগতি থমকে গেছে। হিজবুল্লাহ অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানাচ্ছে। অন্যদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।

এনটিভি অনলাইন ডেস্ক