জেলেনস্কির শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার হামলায় অন্তত ২ জন নিহত ও ৬০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) রাতে মধ্য ইউক্রেনের শহরটিতে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে ৭ বছর বয়সী এক শিশু ও ২০ বছর বয়সী এক নারী রয়েছেন। আহতদের মধ্যে ছয় শিশু রয়েছে।
ক্রিভি রিহের নগর প্রশাসনপ্রধান ওলেক্সান্ডার ভিলকুল জানান, হামলায় প্রায় ২৫টি আবাসিক ভবন, একটি হাসপাতাল, কয়েকটি স্কুল ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ভিলকুল বলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পর রুশ বাহিনী আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে উদ্ধারকর্মী, চিকিৎসাকর্মী ও জরুরি সেবা বিভাগের সদস্যরা হামলার মুখে পড়েন। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ প্রকাশিত ভিডিওতেও উদ্ধার অভিযান চলার সময় নতুন হামলার দৃশ্য দেখা গেছে।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলেও রুশ হামলায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর। অন্যদিকে, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন পূর্ব ইউক্রেনের লুহানস্কে আবাসিক এলাকায় ইউক্রেনের হামলায় এক শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।
এদিকে শুক্রবার দক্ষিণ-পূর্ব পোল্যান্ডে রাশিয়ার দুটি ক্ষেপণাস্ত্র এবং সন্দেহভাজন একটি ড্রোন আছড়ে পড়ার ঘটনা ঘটে। ন্যাটোর সদস্য পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘটনাটিকে ইচ্ছাকৃত উসকানি বলে উল্লেখ করেছেন। ইউরোপীয় দেশগুলোর সম্ভাব্য যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা মিশন নিয়ে সামরিক মহড়ার সময় এমন ঘটনা ঘটায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।
শনিবার ন্যাটো মহাসচিব মার্ক রুটে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের নিন্দা জানান এবং দেশটির ভূখণ্ড রক্ষায় জোটের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনায় অগ্রগতি আনার চেষ্টা করছেন। শুক্রবার চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর ট্রাম্প বলেন, পুতিন কূটনৈতিকভাবে যুদ্ধ শেষ করতে চান।
তবে শনিবার কিয়েভে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, পুতিন সমঝোতায় প্রস্তুত- এ বিষয়ে ওয়াশিংটনের মতো তিনি নিশ্চিত নন। মস্কো এখনও পূর্বাঞ্চলীয় দনবাসের পুরো এলাকা থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। তবে কিয়েভ এ দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছে।
জেলেনস্কি ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষাও পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে, ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা অঙ্গীকারের আদলে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা করছে ওয়াশিংটন। যুদ্ধের অবসান এবং ভবিষ্যতে ইউক্রেনকে হামলা থেকে সুরক্ষিত রাখার উপায় নিয়ে আলোচনা এখনও চলছে।

এনটিভি অনলাইন ডেস্ক