ইন্দোনেশিয়ার কারখানায় অগ্নিকাণ্ডে ৩ জন নিহত, নিখোঁজ ৩৬
ইন্দোনেশিয়ার একটি মিষ্টির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত এবং আরও ৩৬ জন নিখোঁজ হয়েছেন। আজ রোববার (২২ নভেম্বর) এক বিবৃতিতে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে জানানো হয়, রাজধানী জাকার্তার সীমান্তবর্তী বানতেন প্রদেশের ফনুসা আগুং মুলিয়া কারখানা থেকে অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো বার্তা সংস্থা এপিকে বলেন, এখনও বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলছে। দমকল বাহিনী আগুন নেভানোর কার্যক্রম অব্যাহত রেখেছে।
দ্বিয়ান্তো বলেন, আগুন লাগার ১২ ঘণ্টারও বেশি সময় পর সেরং জেলা ও বানতেন প্রদেশের দমকলকর্মীরা এসে স্থাপনাটির বিভিন্ন অংশে আগুন নেভানোর চেষ্টা করছেন।
দ্বিয়ান্তো আরও বলেন, উদ্ধারকর্মীরা দমকল বাহিনী ও ইন্দোনেশীয় রেড ক্রসের সঙ্গে কারখানার বিভিন্ন অংশে, বিশেষ করে যেখানে হতাহতরা আটকা পড়ে থাকতে পারে সেখানে অনুসন্ধান চালিয়েছে।
বানতেন প্রদেশের গভর্নর আন্দ্রা সোনি সাংবাদিকদের জানান, আগুন লাগার সময় কারখানাটিতে প্রায় ৬০ জন ছিলেন।
কারখানাটিতে দুধ দিয়ে নাশতার পণ্য ও মিষ্টি উৎপাদন করা হতো। স্থানীয় বাজারে এটি মিল্কিতা নামে পরিচিত।
অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তিনতলা ভবনটি থেকে কালো আগুনের শিখা ও ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে। ফুটেজে দেখা গেছে, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সরঞ্জামগুলো পুড়ে কালো হয়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কারখানার বাইরে পরিবারগুলোর জড়ো হওয়ার ফুটেজ শেয়ার করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ায় বেশ কয়েকটি মারাত্মক অগ্নিকাণ্ড ঘটেছে। গত ডিসেম্বরে জাকার্তার একটি অফিস ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ২২ জন নিহত হন। ২০২৩ সালে ইন্দোনেশিয়ার একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হন।

এনটিভি অনলাইন ডেস্ক